বালিয়াকান্দিবাসীর ভালোবাসা নিয়ে বিদায় নিলেন সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন: নাগরিক ভোগান্তি লাঘবে কাজ করেছি, ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন

মোঃ আমিরুল হক, রাজবাড়ী  প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা থেকে বিদায় নিলেন সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন। পরিকল্পনা কমিশনে বদলিজনিত কারণে মঙ্গলবার (১১ আগস্ট) ছিল বালিয়াকান্দি উপজেলা ভূমি অফিসে তাঁর শেষ কর্মদিবস। বিদায় উপলক্ষে তিনি উপজেলার সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

এহসানুল হক শিপন ২০২৫ সালের ১৪ জানুয়ারি বালিয়াকান্দি উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। দীর্ঘ ১ বছর ৬ মাস ২৮ দিন দায়িত্ব পালন শেষে তিনি নতুন কর্মস্থলের উদ্দেশ্যে বালিয়াকান্দি ছাড়ছেন।

বিদায়ী বক্তব্যে এহসানুল হক শিপন বলেন, নাগরিকদের ভোগান্তি লাঘব এবং সহজে সেবা নিশ্চিত করার বিষয়ে তিনি সর্বদা সচেষ্ট ছিলেন। কখনো জনাকীর্ণ অফিসে, আবার কখনো একাকী মানুষের সেবায় কাজ করার চেষ্টা করেছেন। দায়িত্ব পালনের সময় পরিদর্শন ও মোবাইল কোর্ট পরিচালনাসহ বিভিন্ন সরকারি কাজে উপজেলার প্রত্যন্ত অঞ্চলেও যেতে হয়েছে তাঁকে।

তিনি বলেন, আন্তরিকতা ও সর্বোচ্চ চেষ্টা থাকা সত্ত্বেও দায়িত্ব পালনকালে অনেক ত্রুটি-বিচ্যুতি হয়ে থাকতে পারে। সেগুলো বালিয়াকান্দিবাসী ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

বিদায়ী বক্তব্যে তিনি ভূমি সেবা প্রদানে কারিগরি জটিলতার কথাও তুলে ধরেন। সফটওয়্যার ও সার্ভার ত্রুটির কারণে প্রায়ই সেবা কার্যক্রম ব্যাহত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিশেষ করে খালকুলা, বাঘুটিয়া ও সর্প বেতাঙ্গা মৌজার কিছু আবেদন কারিগরি ত্রুটির কারণে সম্পন্ন করা সম্ভব হয়নি। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। বিষয়টি অটোমেশন প্রকল্পের সাপোর্ট টিমকে কারিগরি সহায়তা প্ল্যাটফর্মের মাধ্যমে জানানো হয়েছে বলেও জানান তিনি।

এহসানুল হক শিপন তাঁর দায়িত্ব পালনে সহযোগিতার জন্য রাজবাড়ীর জেলা প্রশাসক এবং বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের সহকর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বালিয়াকান্দির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতিও কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, ‘সবার সক্রিয় সহযোগিতা ছাড়া আমার পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব ছিল না।’
বিদায়বেলায় বালিয়াকান্দিবাসীর কাছে দোয়া চেয়ে এহসানুল হক শিপন বলেন, মহান আল্লাহ যেন তাঁকে সর্বদা সঠিকভাবে দায়িত্ব পালনের তৌফিক দেন এবং সবাইকে আমৃত্যু তাঁর সন্তুষ্টির পথে পরিচালিত করেন।

এহসানুল হক শিপনের বিদায়ে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয়দের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top