মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশ নেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজের উপস্থিত থাকার কথা থাকলেও জাতীয় সংসদের কার্যক্রমে ব্যস্ত থাকায় তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার, সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, ইনস্ট্রাক্টর ইউপিইটিসি তৌহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আমিনুর রশীদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আওলাদ হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে শেখার বিষয় নয়; বরং এটি মানুষের জীবনমান উন্নয়ন, অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং একটি জ্ঞানভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। শিক্ষার আলো ছড়িয়ে দিতে সমাজের প্রতিটি মানুষকে সাক্ষরতার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, একটি দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষিত ও সচেতন জনগোষ্ঠীর বিকল্প নেই। তাই ঝরে পড়া রোধ, শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং নিরক্ষরতা দূরীকরণে সরকারি-বেসরকারি পর্যায়ে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।