মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১টা ৫৫ মিনিটের দিকে উপজেলার কলিমহর ইউনিয়নের কলিমহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে একটি লিচুবাগান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন পাংশা উপজেলার পিড়ালীপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে ইয়ামিন হোসেন (১৯) এবং হোসেনডাঙ্গা গ্রামের নিরঞ্জন রাজবংশীর ছেলে রতন রাজবংশী (২৩)।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১টা ৫৫ মিনিটের দিকে পাংশা থানার এসআই মো. মিনহাজ উদ্দিন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে কলিমহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে এ কে এম রফিক উদ্দিন পান্না মিয়ার লিচুবাগানে অভিযান চালান। সেখানে কয়েকজনকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি নিতে দেখা যায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে এজাহারনামীয় আরও তিনজনসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ইয়ামিন হোসেন ও রতন রাজবংশীকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে দুটি জিআই পাইপ ও সাইকেলের ফ্রি দিয়ে তৈরি একটি চাইনিজ কুড়াল, দুটি লোহার রড, একটি হকিস্টিক এবং ২০ ইঞ্চি লম্বা একটি সাদা নাইলনের রশি উদ্ধার করা হয়।
এ ঘটনায় পাংশা থানার এসআই মো. মিনহাজ উদ্দিন বাদী হয়ে মামলা করেছেন। মামলাটি পাংশা থানার মামলা নম্বর-৬, তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৬; জিআর নম্বর-১৮০/২৬। এতে দণ্ডবিধি, ১৮৬০-এর ৩৯৯ ও ৪০২ ধারায় অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুই আসামিকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।