মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর পাংশা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক মাদকবিরোধী অভিযানে ২ কেজি ২৫০ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আভিযানিক দল।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত পাংশা থানাধীন হাবাসপুর এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রাজবাড়ীর পরিদর্শক মোঃ রাসেল আলীর নেতৃত্বে পৃথক অভিযান পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানের প্রথম পর্যায়ে হাবাসপুর গ্রামের মো. জিয়া বিশ্বাসের বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তার ঘর থেকে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
এরপর একই এলাকায় পৃথক আরেকটি অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় মোঃ শুভ ইসলাম ও মোঃ মুকমিনুল ওরফে সাইমুনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন পাংশার হাবাসপুর গ্রামের মোঃ সেকান বিশ্বাসের ছেলে মোঃ জিয়া বিশ্বাস (৪৪), কুষ্টিয়ার দৌলতপুর থানার পূর্ব মহিষকুন্ডি এলাকার মোঃ দ্বীন ইসলামের ছেলে মোঃ শুভ ইসলাম (১৯) এবং একই থানার বাধের বাজার এলাকার মোঃ আশাদুলের ছেলে মোঃ মুকমিনুল ওরফে সাইমুন (১৯)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২৬) -এর সংশ্লিষ্ট ধারায় পাংশা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।