বালিয়াকান্দিতে গড়াইয়ের ভাঙন, ঝুঁকিতে নদীপাড়ের ঘরবাড়ী: দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর

বালিয়াকান্দিতে গড়াইয়ের ভাঙন, ঝুঁকিতে নদীপাড়ের ঘরবাড়ী দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের মরাবিলা গ্রামে গড়াই নদীর তীর ভাঙতে শুরু করেছে। গত কয়েকদিন ধরে নদীর পানি বাড়তে থাকায় ভাঙন আরও তীব্র হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। ইতোমধ্যে নদীতীরবর্তী কয়েকটি বসতবাড়ি ভাঙনের হুমকিতে পড়েছে। এতে নদীপাড়ের মানুষের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েকদিন ধরে গড়াই নদীর পানি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। পানির চাপ বাড়ার সঙ্গে সঙ্গে মরাবিলা গ্রামের নদীতীরবর্তী এলাকায় ভাঙনও শুরু হয়েছে। নদীর তীরের মাটি সরে যাওয়ায় বেশ কয়েকটি পরিবারের বসতবাড়ি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

স্থানীয়দের আশঙ্কা, ভাঙন অব্যাহত থাকলে অল্প সময়ের মধ্যেই বসতভিটা ও মানুষের মূল্যবান সম্পদ নদীগর্ভে বিলীন হতে পারে। বিশেষ করে পানি আরও বাড়লে ভাঙনের তীব্রতা বেড়ে গিয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

নদীপাড়ের বাসিন্দারা জানান, গড়াইয়ের ভাঙন তাদের জন্য নতুন আতঙ্ক তৈরি করেছে। সময়মতো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া না হলে ভাঙন ছড়িয়ে পড়ে আরও বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে অনেক পরিবার বসতভিটা হারিয়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে পড়বে।

এ অবস্থায় ভাঙনপ্রবণ এলাকা দ্রুত পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের দাবি, জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নদীর তীর সংরক্ষণে স্থায়ী উদ্যোগ নিতে হবে।

স্থানীয় বাসিন্দারা আরও বলেন, ভাঙন শুরু হওয়ার পরপরই কার্যকর পদক্ষেপ নেওয়া হলে ক্ষয়ক্ষতি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। কিন্তু ভাঙন তীব্র হওয়ার পর ব্যবস্থা নিলে তখন ক্ষতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে।

তাই গড়াই নদীর ভাঙন থেকে মরাবিলা গ্রামের বসতবাড়ি, মানুষের সম্পদ ও জনবসতি রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top