রাজবাড়ীতে জাকিয়া সুলতানাকে মারধর জড়িতদের গ্রেপ্তার ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি

রাজবাড়ীতে জাকিয়া সুলতানাকে মারধর জড়িতদের গ্রেপ্তার ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে নারী উদ্যোক্তা ও ‘আস্থা পোশাক শিল্প গার্মেন্ট’-এর মালিক জাকিয়া সুলতানাকে পুলিশের সামনে মারধরের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং বন্ধ করে দেওয়া তার ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৮ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে ভুক্তভোগী নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা ছাড়াও নারী উদ্যোক্তা শাবনূর খাতুন, রিমি আক্তারসহ বিভিন্ন নারী উদ্যোক্তা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত ২৯ আগস্ট রাজবাড়ী শহরের বড় বাজারে কাপড় ব্যবসায়ীদের সঙ্গে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানার বিরোধের জেরে তাকে মারধরের ঘটনা ঘটে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপকভাবে আলোচিত হয়। ভিডিওতে পুলিশের উপস্থিতিতে কয়েকজন যুবককে জাকিয়া সুলতানাকে লাথি মারতে দেখা যায় বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর রাজবাড়ীজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। পরে এ ঘটনায় জাকিয়া সুলতানা মামলা দায়ের করেন। মামলার পর তিনজনকে আটক করা হলেও পরবর্তীতে তারা জামিনে মুক্তি পান বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
বক্তারা অভিযোগ করেন, ঘটনার পর থেকে রাজবাড়ী কাপড় বাজারে জাকিয়া সুলতানার ব্যবসা প্রতিষ্ঠান জেলা বস্ত্র বিতান মালিক সমিতির পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে তিনি ব্যবসা পরিচালনা করতে পারছেন না এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

সংবাদ সম্মেলনে নারী উদ্যোক্তারা জাকিয়া সুলতানাকে মারধরের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে তার বন্ধ করে দেওয়া ব্যবসা প্রতিষ্ঠান দ্রুত খুলে দিয়ে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনার সুযোগ দেওয়ার আহ্বান জানান তারা।

বক্তারা বলেন, একজন নারী উদ্যোক্তার সঙ্গে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিরোধ বা মতবিরোধ থাকলে তা আইনগত ও সাংগঠনিকভাবে সমাধান করা উচিত। কোনো অবস্থাতেই একজন নারী উদ্যোক্তাকে শারীরিকভাবে হেনস্তা করা বা তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া গ্রহণযোগ্য নয়।

সংবাদ সম্মেলন থেকে জাকিয়া সুলতানার নিরাপত্তা নিশ্চিত করা, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানানো হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top