মোহাম্মফ রকিবুল হক (শাকিল), ফটিকছড়ি প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়িতে নবগঠিত ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার সদর দপ্তর পশ্চিম ভুজপুর মৌজায় স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার। এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ফটিকছড়ির বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাট, ভূজপুর, হারুয়ালছড়ি ও সুয়াবিল—এই ছয় ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা গঠন করা হয়েছে।
নবগঠিত উপজেলার সদর দপ্তর ৪ নম্বর ভূজপুর ইউনিয়নের পশ্চিম ভুজপুর মৌজার জে.এল. নম্বর-২৫ এলাকায় স্থাপন করা হবে।
গত ১ জুলাই অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় সরকার বিভাগের উপসচিব হেলেনা পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, আদেশটি জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।
নতুন উপজেলা গঠন ও সদর দপ্তরের স্থান নির্ধারণ নিয়ে দীর্ঘদিন ধরে ফটিকছড়িতে নানা আলোচনা ও দাবি-দাওয়া থাকলেও সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে পশ্চিম ভুজপুরেই সদর দপ্তর স্থাপনের বিষয়টি চূড়ান্ত হলো।