রাজবাড়ীর ইলিশকোল-চরপাড়া সড়কের বেহাল দশা: সংস্কারের অভাবে দুর্ভোগে এলাকাবাসী, দ্রুত সংস্কারের দাবি

রাজবাড়ীর ইলিশকোল-চরপাড়া সড়কের বেহাল দশা: সংস্কারের অভাবে দুর্ভোগে এলাকাবাসী, দ্রুত সংস্কারের দাবি

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল ব্রিজ থেকে আশা অফিস সংলগ্ন হয়ে চরপাড়া ব্রিজ পর্যন্ত প্রায় ১১০ মিটারের কিছু বেশি সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সড়কটির বিভিন্ন অংশ ভেঙে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়লেও এখন পর্যন্ত সংস্কার বা উন্নয়নে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বহরপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন এলাকার বিপুলসংখ্যক মানুষ চলাচল করেন। বালিয়াকান্দি বাজারের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও সড়কটির গুরুত্ব রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কের বিভিন্ন অংশ ভাঙাচোরা হয়ে পড়ায় পথচারী ও যানবাহন চলাচলে সৃষ্টি হচ্ছে নানা প্রতিবন্ধকতা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সামান্য বৃষ্টিতেও ভাঙাচোরা অংশে পানি জমে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। ফলে সাধারণ মানুষের পাশাপাশি স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়।

সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় জরুরি রোগী পরিবহনের ক্ষেত্রে। কোনো ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কিংবা দ্রুত হাসপাতালে নেওয়ার প্রয়োজন হলে ভাঙাচোরা সড়কের কারণে দ্রুত যানবাহন চলাচল ব্যাহত হয়। অ্যাম্বুলেন্সসহ অন্যান্য যানবাহন চলাচলেও ভোগান্তি তৈরি হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসী বলেন, জনবহুল এলাকার নিয়মিত যোগাযোগের জন্য মাত্র ১১০ মিটারের কিছু বেশি এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় মানুষের দুর্ভোগ দিন দিন বাড়ছে। গুরুত্বপূর্ণ এই সড়কটির এমন বেহাল দশা কোনোভাবেই কাম্য নয়।

তাদের দাবি, জনদুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সরেজমিনে সড়কটি পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নকাজ শুরু করবে। দ্রুত সড়কটি সংস্কার করা হলে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমার পাশাপাশি বালিয়াকান্দি বাজারের সঙ্গে যোগাযোগব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top